ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান ওরফে হাদি হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন ভারতে আটক
বাংলাদেশের রাজনৈতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান ওরফে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুইজনকে আটক করেছে ভারতীয় পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই–এর এক্স (টুইটার) পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, রোববার (৮ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)।
ভারতীয় পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ স্বীকার করেছেন যে তিনি আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী শরীফ ওসমান ওরফে হাদিকে হত্যা করেন। ঘটনার পর তারা বাংলাদেশ থেকে পালিয়ে যান।
পরে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে পুনরায় বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় এলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশ তাদের আটক করে।
এ ঘটনায় ভারতীয় পুলিশ মামলা দায়ের করেছে। রোববার (৮ মার্চ) আটক দুই আসামিকে বিধাননগর আদালতে হাজির করা হলে আদালত তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই বাংলাদেশ ও ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে নজরদারি বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
