কুমিল্লার চান্দিনায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লার চান্দিনা উপজেলায় একই ঘরের দুই কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৭ বছরের শিশুকন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মা।
রোববার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) এবং তার ৭ বছর বয়সী মেয়ে ফাছিহা।
জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারহানা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী। একমাত্র ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন। ১০ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে পড়াশোনা করে। ছোট মেয়েকে নিয়ে ফারহানা শাশুড়ির সঙ্গে বাড়িতে বসবাস করতেন।
রোববার সকালে শাশুড়ি তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে ফিরে এসে টিনের ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে জানালা দিয়ে ঘরের প্রথম কক্ষে শিশুটিকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘরে প্রবেশ করে অপর কক্ষে ফারহানার মরদেহও ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে দুজনের গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
