Breaking News:

চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল: জানাজানির পর মূল্য পরিশোধ, তত্ত্বাবধায়কের দায় স্বীকার

সিলেটের ওসমানীনগরে চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যপ্রবাসী এক বিএনপি কর্মীর বাড়িতে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট প্রবাসী গরুর মালিককে ন্যায্যমূল্য পরিশোধ করেছেন বলে জানা গেছে। একই সঙ্গে গ্রামের সালিস বৈঠকে বাড়ির তত্ত্বাবধায়ক ঘটনার দায় স্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানীনগর উপজেলা-র পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী এম আহমদ ওরফে মধু মিয়া যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট-২ সংসদীয় আসন-এ বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা-র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেশে আসেন। নির্বাচন শেষে গত ২৪ ফেব্রুয়ারি নিজ বাড়িতে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পরে জানা যায়, ইফতার মাহফিলে জবাই করা গরুটি ছিল চুরি করা। প্রবাসীর বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে একটি গরু বাড়িতে নিয়ে আসার দৃশ্য ধরা পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এম আহমদ ওরফে মধু মিয়া একজন সজ্জন ব্যক্তি। ইফতার মাহফিলের জন্য তিনি গরু কেনার টাকা দিয়েছিলেন। কিন্তু তার কর্মচারী সেই টাকা আত্মসাৎ করে একটি গরু চুরি করে নিয়ে আসে। বিষয়টি জানার পর তিনি গরুর প্রকৃত মালিককে ন্যায্যমূল্য পরিশোধ করেন।”

গরুর মালিক নাজমুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক সাইদ মাঠ থেকে তার গরুটি চুরি করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিস বসে। সেখানে তত্ত্বাবধায়ক চুরির দায় স্বীকার করেন। প্রবাসী এম আহমদ গরুর মূল্য পরিশোধ করায় তিনি আর কোনো অভিযোগ রাখেননি বলেও জানান।

স্থানীয়দের মতে, ঘটনার পর উভয়পক্ষের সমঝোতায় বিষয়টি মীমাংসা হয়েছে। তবে এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

Latest Tweets

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!