কলেজের টিন বিক্রির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি
ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া নেতারা হলেন— ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ইসলামপুর সরকারি কলেজের ছাত্রাবাসের পুরোনো রান্নাঘরের চালের টিন খুলে বিক্রির অভিযোগ ওঠে ওই দুই নেতার বিরুদ্ধে। কলেজ সূত্র জানায়, নতুন রান্নাঘর নির্মাণের উদ্যোগ নেওয়ায় সম্প্রতি জরাজীর্ণ রান্নাঘরের চালের টিন খুলে ফেলা হয়। পরে অভিযোগ ওঠে, খুলে রাখা ওই মালামাল বিক্রি করা হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।
