Breaking News:

বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় পৃথক স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ির উঠান ও পাশের সরিষাক্ষেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।

নিহতরা হলেন— উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খা’র মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)। জানা গেছে, তারা দুজনই ওই বাড়িতে বসবাস করতেন। কিশোরীর বাবা ঢাকায় থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে বাড়িটি থেকে হঠাৎ কান্নার শব্দ শোনা যায়। আশপাশের লোকজন বের হয়ে এলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে নাতনি জামিলাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের সরিষাক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, মধ্যরাতে নাতনিকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদিকে হত্যা করা হয়। এরপর কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ সরিষাক্ষেতে ফেলে যায়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Latest Tweets

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!