প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, গাছে বেঁধে রাখলো গ্রামবাসী
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় পরকীয়ার অভিযোগে এক যুবক ও এক প্রবাসীর স্ত্রীকে আমগাছে বেঁধে রেখে হেনস্তা করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গাংনী পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে থাকা অলেমান নামে এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে একই এলাকার যুবক রাকিব শেখের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বিয়ের আগ থেকেই এলাকায় গুঞ্জন ছিল। দীর্ঘদিনের সেই সম্পর্কের জেরে শুক্রবার সকালে তাদের একটি নির্জন ঘরে একসঙ্গে দেখতে পেয়ে প্রতিবেশীরা আটক করে। পরে বাড়ির সামনে একটি আমগাছে বেঁধে রেখে তাদের হেনস্তা করা হয়।
অভিযুক্ত যুবক রাকিব শেখ দাবি করেন, “আমার সঙ্গে এই মেয়ের বিয়ের আগ থেকেই প্রেমের সম্পর্ক রয়েছে। আমি তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।”
অপরদিকে নারীর পরিবারের সদস্যরা বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
