খুলনায় যুবদল নেতা খুন: ছাত্রদল নেতাসহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
খুলনায় যুবদল নেতা মো. মুরাদ খাঁ (৩৫) হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি উপজেলা সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। মুরাদ খাঁ স্থানীয় মুনসুর খাঁ-এর ছেলে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) আবির সিদ্দিকী শুভ্র জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদসহ ৪/৫ জন মুরাদের গতিরোধ করে তার ওপর হামলা চালায়।
প্রাণ বাঁচাতে মুরাদ বক্সিবাড়ি মসজিদ সংলগ্ন একটি দোকানে আশ্রয় নেন। তবে হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুনরায় হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তিনি এ ঘটনাকে ন্যাক্কারজনক ও অমানবিক উল্লেখ করে তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি বলেন, হত্যাকারী যে দলেরই হোক না কেন, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক পরিচয় নয়, একজন মানুষকে হত্যা করা হয়েছে—এই বিষয়টিই মুখ্য হওয়া উচিত।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। মামলার প্রস্তুতি চলছে।
