এই ওয়েব সাইটটি সেল করা হবে। আগ্রহীরা যোগাযোগ করুন
Breaking News:

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী বিন্তি হত্যা: আসামির স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ

গ্রেপ্তারকৃত আসামী

রাজধানীর হাজারীবাগ এলাকায় স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার সিয়ম হোসেন ইমন আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিয়মকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে হাজারীবাগ থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো. মতিউর রহমান জানান, আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তার জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাজারীবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবুল বাসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে সিয়মকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি রাতে হাজারীবাগের হায়দার হোটেল গলিতে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে বিন্তিকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন, ২৬ ফেব্রুয়ারি, নিহতের বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Do not copy our site contents, content copied is totally illegal from our website.
Alert! This website content is protected!