শাহরাস্তিতে রায়েরবাগ যুব সমাজের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নর রায়েরবাগ এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রায়েরবাগ যুব সমাজ। সংগঠনটির উদ্যোগে গ্রামের ৫৬টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রমজানের শিক্ষা—সংযম, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ—ধারণ করেই এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ নিজ হাতে উপকারভোগীদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, খেজুর, আলু, পেঁয়াজ, সেমাই, টেংসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি পরিবারকে সম্মান ও আন্তরিকতার সঙ্গে সহায়তা প্রদান করা হয়, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ইফতার প্রস্তুত করতে পারেন।
কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় উপস্থিত ছিলেন সিনিয়র সমন্বয়ক মোঃ তামিম, অপু, মাহফুজ ও সুজন। সমন্বয়ক শহিদুল ও তানভীরসহ সদস্য মোঃ সাইফুল, আরিফ, ইসমাইল, আবদুল্লাহ, বাপ্পি, রাহাত, মাসুম এবং অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের মসজিদ, মাদ্রাসা, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে রমজানের মতো পবিত্র মাসে এমন উদ্যোগ মানুষের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ বিষয়ে স্থানীয় মুরুব্বি মোঃ শাহজাহান উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা দরিদ্র পরিবারের জন্য অত্যন্ত উপকারী ও স্বস্তিদায়ক। তিনি আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোও এ ধরনের মানবিক কার্যক্রমে আরও বেশি এগিয়ে আসবে।
